বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের শত শত চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবির।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে তাদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
হুমায়ূন কবির বলেন, তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে চালানো হবে। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা পরিবেশবান্ধব এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।































