স্পোর্টস ডেস্ক: বাবা হোর্হে মেসিকে শেষবিদায় জানানোর পর আর্জেন্টিনার রোজারিওতে পরিবারের সদস্যদের সান্নিধ্যে রয়েছেন লিওনেল মেসি। শোকের এই সময়ে তার যুক্তরাষ্ট্রে ফেরা কিংবা ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরার বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি জানা যায়নি।
গত শুক্রবার রোজারিওতে হোর্হে মেসির আকস্মিক মৃত্যুর খবর আসে। তখন লিগস কাপে মন্টেরির বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছিলেন মেসি। খবর পাওয়ার পরপরই পরিবারের পাশে থাকতে চার্টার্ড ফ্লাইটে আর্জেন্টিনায় ফিরে যান তিনি।
রোজারিওর একটি পারিবারিক কবরস্থানে বাবাকে শেষবিদায় জানানোর পর এখন স্বজনদের সঙ্গেই সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা। মেসি যতদিন চান, ততদিন পরিবারকে সময় দেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ।
বাবার সঙ্গে মেসির গভীর সম্পর্কের কারণে তার মাঠে ফেরার সময় এখনই অনুমান করা কঠিন। এর আগে লিগস কাপে আতলেতিকো সান লুইসের বিপক্ষে জোড়া গোল করে দারুণ ছন্দে ছিলেন তিনি। বাবার মৃত্যুর কারণে আপাতত সেই ছন্দে ছেদ পড়েছে।
এই বিরতিতে ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলকের দিকেও মেসির অগ্রযাত্রা সাময়িকভাবে থেমে গেছে। বর্তমানে তার ক্যারিয়ার গোলসংখ্যা ৯২১টি। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ১০৭ ম্যাচে করেছেন ৯২ গোল।
মেসির মাঠে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও, তাকে ছাড়াই আপাতত নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ খেলতে হবে ইন্টার মায়ামিকে।
































