ভোলার লালমোহনে খালের ওপর নির্মিত একটি সেতুর পূর্ব পাশ ধসে পড়ে মালবাহী ট্রাক খাদে পড়ে যাওয়ার ঘটনায় নাঈম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আল আমিন (১৪) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চতলা বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈমের পিতার নাম ফরিদ মিয়া। তিনি চতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মালবাহী ট্রাকটি সেতু পার হওয়ার সময় হঠাৎ সেতুর পূর্ব পাশ ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার আগেই নাঈমের মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।বরিশাল আবাসন খবর
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা উল্লেখ করে দ্রুত সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




























