তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনা হচ্ছে। এর অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করা হচ্ছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নতুন তথ্যমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে। একই অনুষ্ঠানে মন্ত্রিসভায় রদবদলের বিষয়টিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে।
সরকারের একটি সূত্র জানিয়েছে, জহির উদ্দিন স্বপন তথ্যমন্ত্রীর পদ থেকে সরে গেলেও মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে তাকে কোন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ফেব্রুয়ারিতে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত হন তিনি। তার বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছর পর আসনটি বিএনপির দখলে ফিরে আসে।
জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক পথচলা শুরু ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। তিনি বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
১৯৯৩ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর দলটির কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সহ-দফতর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
বর্তমানে জহির উদ্দিন স্বপন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং দলের মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।



































