বরিশালের গৌরনদীতে জন্মনিবন্ধন সনদ আটকে রেখে ৫ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে মেসার্স তাওসীফ ডিজিটাল সেন্টারের স্বত্বাধিকারী মো. তুহিন আকনের বিরুদ্ধে। এ ঘটনায় হাসিনা বেগম নামে এক নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে হাসিনা বেগম বলেন, জন্মনিবন্ধনের কাজ শেষে পৌরসভা থেকে সনদ সংগ্রহ করেন তুহিন। পরে সনদ দেওয়ার জন্য তাঁর কাছে ৫ হাজার টাকা দাবি করা হয়। আর্থিক সংকটের কারণে তিনি ১ হাজার টাকা দিতে চাইলেও তুহিন রাজি হননি।
তবে অভিযোগটি অস্বীকার করে তুহিন আকন বলেন, জন্মনিবন্ধন সনদ আটকে রেখে কোনো টাকা দাবি করা হয়নি।
তিনি জানান, ২০২৩ সালে হাসিনা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের জন্মনিবন্ধন সংশোধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, বিধবা ভাতা, ভোটার এলাকা পরিবর্তনসহ বিভিন্ন সরকারি সেবার কাজ তিনি করে দেন। এসব কাজের পারিশ্রমিক বাবদ ৫ হাজার টাকা পাওনা রয়েছে।
হাসিনা বেগম তুহিনের করা বিভিন্ন কাজের কথা স্বীকার করেছেন। তবে ছেলের দীর্ঘদিনের অসুস্থতার কারণে বর্তমানে আর্থিক সংকটে থাকায় ৫ হাজার টাকা দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চান বলেও জানান।
তুহিন আরও অভিযোগ করেন, বিষয়টি জানতে গিয়ে এক ব্যক্তি তাঁর ভিডিও ধারণ করেন এবং পরে নিজেকে সাংবাদিক পরিচয় দেন। তবে তিনি কোন প্রকার বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি বলে জানায় তুহিন।
































