বরিশাল অফিস : ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন বরিশাল গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় হাতেম আলী কলেজের সামনে থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এতে স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আমাদের বরিশাল, আমরাই পরিচ্ছন্ন করব- এই প্রত্যয়কে সামনে রেখে হাতেম আলী কলেজ, চৌমাথা বাজারসহ আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল অপসারণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নগরবাসীকে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
রহমাতুল্লাহ বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়, এজন্য নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণ জরুরি। পরিচ্ছন্নতা অভিযানকে নিয়মিত সামাজিক আন্দোলনে রূপ দিয়ে মশকমুক্ত বরিশাল গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামান খান, বিডি ক্লিনের উপদেষ্টা খোরশেদ আলম ও আকবর চৌধুরী, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপুর্ব অপু, বিডি ক্লিনের বিভাগীয় ও স্থানীয় সমন্বয়কসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিডি ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন।
































