বরিশাল অফিস: বরিশাল মহানগর এলাকায় চলাচলকারী থ্রি-হুইলারের যাত্রীদের জন্য বিদ্যমান ভাড়ার হার বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। একই সঙ্গে লাইসেন্স নবায়ন না করা থ্রি-হুইলারের বিরুদ্ধে দ্রুত সম্মিলিত অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) নগরভবনের সভাকক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
আরও পড়ুন: কোম্পানী আইন কি গঠন ও নিগমিতকরণ (দ্বিতীয় খণ্ড)
সভায় মহানগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানানো হয়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, যেসব থ্রি-হুইলারের লাইসেন্স নবায়ন করা হয়নি, সেগুলোর বিরুদ্ধে অতি দ্রুত সম্মিলিত অভিযান পরিচালনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া যাত্রীসাধারণের স্বার্থ বিবেচনায় থ্রি-হুইলারের বর্তমান ভাড়ার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পাশাপাশি সব থ্রি-হুইলারের বৈধ কাগজপত্র ও লাইসেন্স নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল কবির সুমন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম, বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান।
এছাড়াও নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং থ্রি-হুইলার মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দ সভায় অংশ নেন।





























