নিষিদ্ধ ছাত্রলীগের ভোলা জেলা শাখার সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সাম্পাদক ও বর্তমান জেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা-পুলিশ।
বুধবার (১৫ জুলাই) ভোরে ভোলা পৌরসভার মুসলিমপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালের ৫ মার্চ বেলা ১১টার দিকে ভোলায় জেলা বিএনপির সমাবেশে হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ২০২৪ সালের ২ ডিসেম্বর প্রায় ৪শ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.আরিফ হোসাইন।
গ্রেফতারকৃত মোস্তাক আহমেদ শাহীন এ মামলার আসামি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় থাকেন। এর আগে তার নিজ দলীয় আওয়ামী লীগ সরকারের শাসন আমলেও তিনি মাদকসহ বিভিন্ন মামলায় কারাবরণ করেছিলেন।
ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভোরে তাকে গ্রেফতারের পর সকালে আদালতে পাঠানো হয়েছে।































