বরিশালের গৌরনদী উপজেলায় মাদক প্রতিরোধে পৌরসভার বিভিন্ন এলাকায় উপজেলা ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় পৌরসভার তিখাসার এলাকা থেকে মাদকসেবী ইউনুসকে (২১) হাতেনাতে আটক করে। সে তিখাসার মহল্লার বাবুলের পুত্র। আটককৃত ইউনুসের স্বীকারোক্তির ভিত্তিতে টরকী বাসষ্ট্যান্ড চাতাল ও ঈগল পরিবহন কাউন্টার সংশ্লিষ্ট গলিতে মাদক বিক্রির সাথে জড়িত ব্যবসায়ীদের বাসা ও বিক্রির স্পটে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও কার্যক্রমের সাথে জড়িত সিসিটিবি ক্যামেরার ডিভিআর জব্দ করা হয়। যা থেকে প্রাপ্ত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত ইউনুসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ছয় মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ পরিদর্শক মোঃ ফাইজুল ইসলাম হৃদয় সহ গৌরনদী মডেল থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।































