সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের পাশাপাশি ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা।
উজ্জ্বলের বড় বোন শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মো. উজ্জ্বল মিয়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন। তিনি জামালগঞ্জের একটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা। মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
শান্তিগঞ্জ থানার ওসি মো. অলিউল্লাহ বলেন, সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। লাশ থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।



































