ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক দুটি ডাকাতি মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল ও কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি রাজাপুর উপজেলার চাড়াখালী ও উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই রাতে পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হলে ভুক্তভোগীরা রাজাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এরপর তদন্তের অংশ হিসেবে ডিবি পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী এলাকার মো. ইউনুচ মৃধার ছেলে মো. জুয়েল মৃধা (৪২), বাদুরতলী এলাকার মো. জামাল গাজীর ছেলে মো. রাশেদুল হোসেন (২৫), মিরুখালী এলাকার মো. বাবুল হাওলাদারের ছেলে মো. হাসান হাওলাদার (৩০) এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাশবুনিয়া এলাকার মৃত মনেজ সিকদারের ছেলে মো. শাহ আলম সিকদার (৪৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজাপুর থানায় গত ১৯ জুলাই দায়ের করা ১৬ নং ডাকাতি মামলায় জুয়েল মৃধা, রাশেদুল হোসেন ও হাসান হাওলাদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বরিশাল সদর এলাকার বিভিন্ন ভাড়া বাসা থেকে আটক করা হয়। অপরদিকে, ২২ জুলাই দায়ের করা ১৮ নং ডাকাতি মামলার আসামি শাহ আলম সিকদারকে কাটাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর চার আসামিকে রাজাপুর থানায় হস্তান্তর করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, পৃথক দুটি ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়েছে।































