ফুটবলকে বিদায় বলেছিলেন ২০১৮ সালে। পেশাদার ফুটবলে শেষ ম্যাচ খেলেছিলেন তারও তিন বছর আগে। তবে সব হিসাব পালটে দিয়ে আবারও আলোচনায় ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিও। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় নাম লিখিয়ে নতুন করে মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছেন সাবেক এই বিশ্বকাপজয়ী তারকা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাভেন্না শহরের একটি সমুদ্রসৈকতে আয়োজন করা হয় তার পরিচিতি অনুষ্ঠান। বৃষ্টিভেজা আবহাওয়াতেও সেখানে জড়ো হন প্রায় ছয় হাজার সমর্থক। ‘রোনালদিনিও ডে’ নামের সেই আয়োজনে ক্লাবের ১০ নম্বর জার্সি হাতে নিয়ে সমর্থকদের অভিবাদন জানান ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।
রোনালদিনিও শেষ পেশাদার ম্যাচ ছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে, ফ্লুমিনেন্সের হয়ে। এরপর ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। যদিও পরবর্তী সময়ে বিভিন্ন প্রদর্শনী ম্যাচ ও ফুটসালে অংশ নিয়েছেন, তবে পেশাদার ফুটবলে তার ফেরার সম্ভাবনা নিয়ে খুব একটা আলোচনা ছিল না।
রাভেন্নায় যোগ দেওয়ার পর রোনালদিনিও বলেন, এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। দলের সবাইকে নিয়ে ভালো কিছু করার সুযোগ রয়েছে বলে মনে করি।
তবে তিনি মাঠে নামবেন কি না, সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এ প্রসঙ্গে তার মন্তব্য, আমি খেলব কি না, সেটি কোচই ভালো জানেন। ইতালিতে ফিরে ভালো লাগছে। আমি দলের সাফল্যে অবদান রাখতে চাই।
তবে একটি ব্যক্তিগত অর্জনের দিকেও নজর রয়েছে তার। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭৮৭ ম্যাচে ২৯৯ গোল করেছেন রোনালদিনিও। অর্থাৎ ৩০০ গোলের মাইলফলকে পৌঁছাতে প্রয়োজন মাত্র একটি গোল।
এ বিষয়ে তিনি বলেন, আমি নিজেকে বেশ ফিট অনুভব করছি। যদি ৩০০তম গোলটি করতে পারি, তাহলে সেটি অবশ্যই বিশেষ কিছু হবে।
ব্রাজিল জাতীয় দলের হয়ে ৩৩ গোল করা রোনালদিনিও ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন বার্সেলোনার জার্সিতে, যেখানে তার গোলসংখ্যা ৯৪। এছাড়া এসি মিলানের হয়ে করেছেন ২৪ গোল। ক্যারিয়ারে পিএসজি, গ্রেমিও ও আতলেতিকো মিনেইরোর মতো ক্লাবেও খেলেছেন তিনি।
রোনালদিনিওকে দলে নেওয়ার পরিকল্পনার কথা প্রথম প্রকাশ করেন রাভেন্নার মালিক ইগনাসিও সিপ্রিয়ানি। গত জুনে, ২০২৬ বিশ্বকাপ চলাকালে মিয়ামিতে তিনি এই উদ্যোগের কথা জানান। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, ভবিষ্যতে ক্লাবটির অংশীদারও হতে পারেন রোনালদিনিও।
সিপ্রিয়ানির ভাষায়, এই উদ্যোগের পেছনে রয়েছে আবেগের গল্প। তার লক্ষ্য, রোনালদিনিওকে দিয়ে ক্যারিয়ারের ৩০০তম গোলটি করানো। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এটি কোনো প্রচারণামূলক কৌশল নয়।
গত মৌসুমে ইতালির তৃতীয় বিভাগের ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছিল রাভেন্না। ২০০৮ সালের পর আবার সিরি ‘বি’তে ফেরার লক্ষ্য নিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ক্লাবটি। যদিও সোমবার রেজিয়ানার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে রোনালদিনিওকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম।




































