নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ তারিখ) সকাল ১১টার দিকে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএমপি গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই মো. রাকিব হোসেনের নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কামাল হোসেনের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন খাইরুন নেছা (২২)-কে তল্লাশি করে তার থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক খাইরুন নেছা বরিশাল নগরীর কোস্টগার্ড বরফকল এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মামুন হাওলাদার, পিতা এমরান খান এবং মাতা হাছিনা বেগম।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ কর্মকর্তা বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নগরীতে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।































