নিজেস্ব প্রতিবেদকঃ লোডশেডিং বন্ধ, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারিকরণের উদ্যোগ বন্ধ এবং ভোলাসহ দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্ত্তী। সমাবেশ পরিচালনা করেন জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, বরিশালসহ সারাদেশে প্রতিদিন ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমদানিনির্ভর জ্বালানি ও বিদ্যুৎনীতির কারণে দেশের বিদ্যুৎ সংকট আরও তীব্র হচ্ছে। অথচ ভোলাসহ দেশের সমুদ্রসীমায় থাকা দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
তারা ভোলার গ্যাস বরিশালসহ দক্ষিণাঞ্চলের শিল্প ও বিদ্যুৎ খাতে ব্যবহারের পাশাপাশি সৌরবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানি খাত সম্প্রসারণের দাবি জানান। একই সঙ্গে লোডশেডিং বন্ধ, বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারিকরণের উদ্যোগ বন্ধের আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, বাসদ নেতা শহিদুল শেখ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ।
































