চট্টগ্রামে মোবাইল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মোহাম্মদ সাকিব। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চান্দগাঁও থানার মোহরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাকিব সিএমবি এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাকিবের সঙ্গে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে তার পূর্ব পরিচিত অপর একটি গ্রুপের মধ্যে বিরোধ ছিল। বৃহস্পতিবার রাতে এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাবিককে ছুরিকাঘাত করে অপরজন পালিয়ে যায়। এসময় সাকিবকে রক্তাক্ত পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় সাকিব নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

































